আগামী ১১ থেকে ২২ অক্টোবর ২০১৭ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে ১০ম এশিয়া কাপ হকি ২০১৭। এই টুর্ণামেন্টে ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়া, ওমান ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৮টি দেশ অংশগ্রহণ করবে। এছাড়াও এশিয়া, ইউরোপ, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ২৮জন টুর্ণামেন্ট পরিচালনাকারী কর্মকর্তা বাংলাদেশে আসবে।
দীর্ঘ ৩২ বছর পর বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ হকি ২০১৭ টুর্ণামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার-এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশে অবস্থানকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় জানানো হয় যে, আন্তর্জাতিক এ টুর্ণামেন্টকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১৮ কোটি টাকা ব্যয়ে হকি স্টেডিয়ামের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর মধ্যে রয়েছে ফ্লাড লাইট ও স্কোর বোর্ড স্থাপন, ড্রেসিং রুম ও প্রেস বক্সসহ স্টেডিয়ামের অন্যান্য সংস্কার কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই এসকল কাজ সম্পন্ন হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগন জানিয়েছেন । সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান চিফ এয়ার মার্শাল আবু এসরারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা এবং বাংলাদেশ হকি ফেডারেশনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এশিয়া কাপ হকি উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা



