শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ট্রেনের অগ্রিম টিকেটে ভিড় কম

ট্রেনের অগ্রিম টিকেটে ভিড় কম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। চলবে ২২ আগস্ট পর্যন্ত। ঢাকায় কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে কেনা যাবে টিকেট। পূর্বনির্ধারিত সময়সূচির খবর নিয়ে আজ শুক্রবার ভোর ৫টা থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেন টিকেটপ্রত্যাশীরা। সকাল ৮টায় কাউন্টার খুলে দেওয়া হয়। দুই থেকে আড়াই ঘণ্টা অপেক্ষা করে নির্ধারিত মূল্যে টিকেট কিনছেন বলে জানান টিকেট সংগ্রহ করতে কমলাপুরে আসা একাধিক যাত্রী।

টিকেটপ্রত্যাশীরা জানান, প্রথম দিন ভিড় কম হয়। কারণ, চাকরিজীবীরা সাধারণত ঈদের একদিন বা দুদিন আগের টিকেট সংগ্রহ করেন, সে কারণে আজ তেমন ভিড় নেই। জানা গেছে, শুক্রবার ২৭ আগস্টের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। ঈদের এত আগে পেশাজীবীরা বাড়ি ফেরেন না। সে কারণে ভিড় প্রতিদিনের চেয়ে কিছুটা বেশি। যাঁরা এসেছেন, অধিকাংশই শিক্ষার্থী এবং ব্যবসায়ী শ্রেণির মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রথম দিনের টিকেট কিনতে আসেন সকাল ৯টায়। সাইফুল লাইনে দাঁড়িয়ে সাড়ে ১১টায় টিকেট সংগ্রহ করেন। সাইফুল বলেন, ‘আমরা আগে যাচ্ছি তো, টিকেট নিতে তেমন বেগ পোহাতে হচ্ছে না।’

কথা হয় লাইনে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব আমেনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদে প্রচুর ভিড় হয়। এই বয়সে ভিড় ঠেলে যাতায়াত অসুবিধা হয়, তাই একটু আগেই চলে যাব। ভালো লাগছে সবাই লাইনে দাঁড়িয়ে টিকেট কিনছে দেখে। এই বয়সে একটু কষ্ট হয় এভাবে দাঁড়িয়ে থাকা, যদি বসার ব্যবস্থা থাকত ভালো হতো। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকেট। ১৯ আগস্ট পাওয়া যাবে ২৮ আগস্টের টিকেট। ২০ আগস্ট মিলবে ২৯ আগস্টের টিকেট। ২১ আগস্ট কেনা যাবে ৩০ আগস্টের টিকেট। সবশেষ ২২ আগস্ট দেওয়া হবে ৩১ আগস্টের টিকেট।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, ‘আমরা খুব সতর্কতার সঙ্গে কাজ করছি। এখানে কেউ নিয়মবহির্ভূতভাবে টিকেট ক্রয় করতে পারছেন না। আমরা পূর্ণ স্বাধীনতায় কাজ করছি। ফলে কেউ কারো পরিচয় দিয়েও টিকেট কিনতে পারছেন না। প্রত্যেককে লাইনে দাঁড়িয়ে কিনতে হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। যেকোনো বাড়তি চাপ সামলাতে রেলওয়ে প্রস্তুত। ঈদের সময় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্টেশন ব্যবস্থাপক।

আরও পড়ুন

সর্বশেষ