ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ঈদ আর হরতালের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে আজও তীব্র যানজটে পড়েছে যাত্রীরা। টানা বৃষ্টি, সড়ক দুর্ঘটনা আর পণ্যবাহী ট্রাকের বিশৃঙ্খলার কারণে মহাসড়কগুলোতে এই যানজট বেঁধেছে।
শুক্রবার রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। একদিন পেরিয়ে গেলেও এই পরিস্থিতির উন্নতি হয়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত দীর্ঘ ৭৫ কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওরাকান্দি রুটে যানজট পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে যান চলাচলের ধীর গতির কারণে দীর্ঘ সময় সড়ক থাকতে হচ্ছে যাত্রীদের।
হাইওয়ে পুলিশের গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম বলেন, বৃহস্পতিবার রাত থেকে এ যানজট শুরু হয়। দুই লেনের সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে এমনিতেই মহাসড়কের বিভিন্ন অংশে যানজট লেগেই থাকে এরমধ্যে মহাসড়কে কিছু যানবাহন বিকল ও দুর্ঘটনায় পড়লে এ যানজটের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজও চলছে ভয়াবহ যানজট। তবে আজকে বিকেলের পর থেকে এর তীব্রতা কমবে।
ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ লাঘবে হাইওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশের সদস্যরাও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী দুটি পণ্যবাহী ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ওজন স্কেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উল্টে পড়ে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় এবং নকলা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এবং সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকায় হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
খাবার পানির তীব্র সংকট দেখা গেছে। নারী ও শিশুরা বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে।




