ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মূল পদ্মাসেতুর কার্যাদেশ যেকোনো মুহূর্তে দেয়া হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে শিবচরে পদ্মাসেতু পুনর্বাসন এলাকা ও অ্যাপ্রোচ সড়কের সাইট এলাকা পরিদর্শন শেষে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘মূল সেতুর জন্য ১০ হাজার কোটি টাকার টেন্ডার হয়েছে। টেন্ডারে তিনটি আন্তজার্তিক নামী প্রতিষ্ঠান ও ১১টি পরামর্শক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যাচাই বাছাই চলছে। যেকোনো মুহূর্তে ওয়ার্ক ওডার (কার্যাদেশ) দেয়া হবে।’
দাতাসংস্থার করা ডিজাইন অনুসারেই সেতুর কাজ করা হবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরা নিজেরা অর্থায়ন করলেও বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাদের সিদ্ধান্তগুলোই মানা হচ্ছে। তবে দ্বিতীয় বার বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা না করলে এতদিনে পদ্মাসেতুর মূল কাজ শুরু করা সম্ভব হতো।’
জাজিরা পর্যন্ত পদ্মাসেতুর জন্য অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু করা যাবে বলে জানান যোগাযোগমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘১০০১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণে মালামাল ও লোকবল নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনীকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘সাড়ে ১০ কিলোমিটার এ সড়ক যদি জাজিরা পয়েন্টে হয়ে যায় তাহলে মাওয়া-কাওরাকান্দির নৌরুটের দূরত্ব ৪৫ মিনিট কমে আসবে। এটা একটা ভাল দিক।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক নুর উর রহমান, মাদারীপুর পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।




