ভর্তি বাণিজ্য ঠেকাতে নগরীর সার্সন রোডের চিটাগাং গ্রামার স্কুলে (সিজিএস) জেলা প্রশাসনের একটি টিম তদারকি কার্যক্রম শুরু করেছে। ১৯ জানুয়ারি সকাল ১১টা থেকে সিজিএস স্কুলে শুরু হওয়া এ তদারকি কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত। সঙ্গে রয়েছেন শিক্ষা অফিস ও ক্যাবের প্রতিনিধিরা। সিজিএস স্কুলে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি করানো হয়, কত টাকা ফি নেওয়া হচ্ছে, কতটি বিভাগ রয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদারকিতে এসে বিভিন্ন বিষয়ে জানতে সিজিএস স্কুলের প্রিন্সিপাল মাহিন খানসহ স্কুল কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন জেলা প্রশাসনের এ টিম। এর আগে বুধবার রাতে লাগামহীন বাড়তি টাকা আদায় ঠেকাতে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন নগরীর ৫ শিক্ষা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি তদারকি কমিটি গঠন করেছিলেন।



