বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপআশুলিয়ার ৫৫ তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আশুলিয়ার ৫৫ তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

টানা নয় দিন শ্রমিক অসন্তোষের মুখে ঢাকার আশুলিয়ার ৫৫ তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকেরা। কারখানা বন্ধ হলেও শ্রমিকদের চাকরি থাকবে। তবে তাঁরা বেতন পাবেন না। শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে কাজে ফিরলে কারখানা খুলে দেওয়া হবে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ২০-২৫ জন কারখানার মালিকের সঙ্গে বৈঠক করেন। রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে করে আশুলিয়ার ওই কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত জানান বিজিএমইএর নেতারা। এর আগে গত সোমবার সরকারের চারজন মন্ত্রী, মালিকপক্ষ ও শ্রমিকনেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের পরও শ্রমিকেরা শান্ত হননি; বরং বেতন বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ বেড়েই চলেছে। গতকাল ১৭টি কারখানার শ্রমিকেরা নতুন করে আন্দোলনে নামেন। সব মিলিয়ে গতকাল ৪০টির বেশি কারখানায় কাজ হয়নি। এত দিন শান্তিপূর্ণ আন্দোলন হলেও গতকাল শ্রমিকেরা ছিলেন কিছুটা মারমুখী। সকাল নয়টার দিকে শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এবং ধাওয়া করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকেরা কাজ না করায় কারখানার উৎপাদন ছিল বন্ধ। এ জন্য বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি পোশাক রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে কারখানাগুলোর। বন্ধ হওয়া কারখানাগুলোতে দুই লাখের মতো শ্রমিক কাজ করেন। এসব কারখানা দিনে কত টাকার পোশাক উৎপাদন করে, তার সঠিক কোনো হিসাব বিজিএমইএর কাছে নেই। তবে সংগঠনের একজন সহসভাপতি তাৎক্ষণিকভাবে হিসাব করে জানান, কারখানাগুলোতে দিনে কমপক্ষে এক কোটি মার্কিন ডলারের (প্রায় ৮০ কোটি টাকা) পোশাক উৎপাদন হয়।

আরও পড়ুন

সর্বশেষ