ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
কুষ্টিয়ার দৌলতপুরের পাকুড়িয়া সীমান্ত থেকে দুই স্কুল ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ৭ ঘণ্টার পর তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।রবিবার বিকেল ৫ টার সময় পতাকা বৈঠক শেষে আজম আলী (১৫) ও মামুন (১৫) নামে দুই জনকে ফেরত দেওয়া হয়।৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার সামসুল আলম জানান, বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী দুই স্কুল ছাত্রকে ফেরত চেয়ে পত্র পাঠানো হলে রবিবার বিকেল ৫টার সময় সীমান্তের ১৫৩-১(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানস ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মহিষকুন্ডি কোম্পানীর ভারপ্রাপ্ত অধিনায়ক নায়েক সুবেদার মুন্সী জাহাঙ্গীর আলম এবং বিএসএফ’র পক্ষে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া মেঘনা ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর অখিল কুমার।পতাকা বৈঠক শেষে আটক দুই স্কুল ছাত্রকে ফেরত দেয় বিএসএফ।




