একাত্তরের মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করায় গভীরভাবে মর্মাহত হয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকরের পর এর আগেও পাকিস্তানের কাছ থেকে বিবৃতি এসেছিল। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের ডিসেম্বরের আগে সংঘটিত অপরাধের অভিযোগে ‘ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ায়’ জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তান গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে মীর কাসেমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়, ‘ত্রুটিপূর্ণ’ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন গণতান্ত্রিক চেতনার পুরোপুরি বিরোধী।গতকাল রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হয়।



