রাজধানীর কাকরাইলে বখাটেদের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয়। রিশা কাকরাইল এলাকার রমজান হোসেনের মেয়ে। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান রিশার মৃত্যুর বিষয়টি জানান। তিনি জানান, ২৪ আগস্ট দুপুর ২টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটেদের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।



