সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদটপ৩২ ঘণ্টা পর নিভলো গাজীপুরের ট্রপিক্যাল নিটেক্সের আগুন

৩২ ঘণ্টা পর নিভলো গাজীপুরের ট্রপিক্যাল নিটেক্সের আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার আগুন প্রায় ৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ১৯ আগস্ট মধ্যরাতে আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন কয়েকদফা নিয়ন্ত্রণে এলেও পরে তা আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২১ আগস্ট সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর, ঢাকা, জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের নিরলস চেষ্টায় আগুন সর্ম্পূণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর পলাশ চন্দ্র মোদক বিষয়টি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার তিন তলায় সুতার গুদামে ১৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ওই রাতেই কালিয়াকৈর, ঢাকা, জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফাঁয়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

চেষ্টার ৫ ঘণ্টা পর শনিবার ভোরের দিকে আগুন সাময়িক নিয়ন্ত্রণে এলেও তা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফের ১২ ঘণ্টা পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এক পর্যায়ে আবারো আগুন ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন নেভাতে ফায়ার কর্মীদের দু’টি স্নোরকেলসহ আরো ৭টি ইউনিট যোগ দেয়। ২০টি ইউনিট কর্মীরা প্রায় ৩২ ঘণ্টা পর রোববার সকাল পৌনে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন পুরোপুরি নেভাতে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কর্মীরা।

এঘটনায় মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাসির উদ্দিন, ওই কারখানার শ্রমিক ওমর ফারুকসহ কমপক্ষে ১০জন শ্রমিক আগুন নেভাতে গিয়ে আহত হয়। পরে তাদের চিকিৎসা কেন্দ্র ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়। আগুনে ওই কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনে ওই কারখানার ১৮ কোটি টাকার সুতা এবং ফেব্রিক্স, শিপমেন্টের মালামাল, কার্টন, প্রিন্টিং মেশিনসহ বিভিন্ন মালামার পুড়ে গেছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুক্রবার কারখানার কাটিং এবং চারতলার সুইং সেকশন বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ওই ফ্লোর দু’টিকে কোনো শ্রমিক ছিলো না।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর পলাশ চন্দ্র মোদক জানান, গাজীপুরে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কর্মীরা কাজ করে। রোববার সকাল পৌনে ৮টার দিকে প্রায় ৩২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ