ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত। এ দুর্ঘটনায় নারীও শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। ০১ আগস্ট সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের দুধ মিয়া (৬০) ও একই গ্রামের কাশেম মিয়ার ছেলে প্রবাসী রোমান মিয়া (৩৫)। আহতদের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, সদর উপজেলার সাদেকপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৭২) ও পার্শ্ববর্তী বিরামপুর গ্রামের জামাল মিয়া (৪৫)। সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক জানান, সিলেট অভিমুখি ট্রাকটি বিপরীত দিক থেকে আসা (ঢাকা অভিমুখী) মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সরাইল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।



