রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিপিং করপোরেশন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

শিপিং করপোরেশন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশ শিপিং করপোরেশন আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৫ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। উচ্চ আদালতের নির্দেশনায় সামরিক শাসনামলে করা একটি অধ্যাদেশটির বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়া আইনটি বাংলায় প্রবর্তন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে আইনটি রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, রাষ্ট্রপতির আদেশ বলে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ওই আদেশের অনুবৃত্তিক্রমে বিভিন্ন সময়ে আইনটি সংশোধিত হয়েছে। সংশোধিত আইনগুলোকে একত্রিত করে ইংরেজি থেকে বাংলা ভাষায় নতুন আইন করার সিদ্ধান্ত হয়। নতুন আইনে বড় ধরনের কোনো পরিবর্তন করা হয়নি জানিয়ে মোহাম্মদ শফিউল আলম  জানান, অল্প কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে। চট্টগ্রামে শিপিং করপোরেশনের প্রধান কার্যালয় রাখা হলেও সরকারের অনুমতি নিয়ে ঢাকা বা অন্য জায়গায় করা যাবে বলেও আইনে উল্লেখ রয়েছে।

জাহাজ বা নৌ-যান অর্জন, ভাড়া করা, ভাড়া দেওয়া, দখলে রাখা, হস্তান্তর করা, দেশের অভ্যন্তরে বা বাইরে করপোরেশনের কার্যপরিধির অন্তর্ভূক্ত ব্যবসায়িক লেনদেনসহ যেকোনো কাজে নিয়োজিত করা, জাহাজ নির্মাণ বা সংযোজন করা, জাহাজ ব্যবস্থাপনায় দেশ-বিদেশে বন্দরে শিপিং এজেন্ট নিয়োগ, ব্যাংক হিসাব খোলাসহ করপোরেশনের ১২টি কাজ পরিচালনার কথা বলা হয়েছে আইনে।

৭ থেকে ১৩ জন নিয়ে একটি পরিচালনা পর্ষদের কথা বলা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, যার প্রধান হবেন নৌ-পরিবহন মন্ত্রী। আর সদস্য হিসেবে থাকবেন নৌ-পরিবহন সচিব, অর্থ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মর্যাদার কর্মকর্তা, করপোরেশনের এমডি, নির্বাহী পরিচালক (অর্থ), নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ও নির্বাহী পরিচালক (বাণিজ্যিক)। এর প্রধান নির্বাহী হবেন এমডি।

করপোরেশনের ৫১ শতাংশ শেয়ার সরকারের এবং ৪৯ শতাংশ বাইরে দেওয়া থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। আর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫০ কোটি টাকা। শেয়ার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধির মাধ্যমে নির্ধারিত হবেন শেয়ার হোল্ডাররা।

আরও পড়ুন

সর্বশেষ