বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ডেথ রেফারেন্স মামলার রায় ২৮ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ডেথ রেফারেন্স মামলার রায় ২৮ জুলাই

প্রায় এক যুগ আগে গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ডেথ রেফারেন্স অনুমোদন ও আপিল মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ জুলাই এ মামলার রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ ২০ জুলাই রায়ের এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন হেলাল উদ্দিন মোল্লা ও আফজাল এইচ খান। গত ৫ মে এ মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। গত ১৩ জুলাই থেকে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষ। ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মোতাহার হোসেন এ মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে ৮ জনকে হত্যার দায়ে পৃথক পৃথকভাবে ১০ জনকে ৮ বার করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছিলো।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গি হলেন- এনায়তুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুনসি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি। ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ আটজন নিহত হন। আত্মঘাতী হামলাকারী আসাদ ওরফে জিয়াও নিহত হয়। ওই দিনই পুলিশ বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় বোমা ও হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন

সর্বশেষ