রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মায়ার রিভিউ খারিজ, সাজার আদেশ বহাল

মায়ার রিভিউ খারিজ, সাজার আদেশ বহাল

দুর্নীতি মামলায় সাজা বহাল ও হাইকোর্টে পুন:শুনানির রায়ের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১০ এপ্রিল হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে মায়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত বছরের ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির ওই মামলায় মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ। একইসঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানি ও নির্দেশও দেওয়া হয়। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ২০১০ সালের ২৭ অক্টোবর আওয়ামী লীগের এ নেতার ১৩ বছরের কারাদণ্ড বাতিল করেছিলেন হাইকোর্ট।

২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত মায়াকে ওই সাজা দেন। রায়ে মায়াকে ১৩ বছর কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা এবং তার প্রায় ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

এদিকে ইতোমধ্যেই আপিল মামলাটির পুন:শুনানির দিন ধার্য করার জন্য বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদন জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আরও পড়ুন

সর্বশেষ