সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে পটিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামি বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে পৃথক মিছিল ও সমাবেশ করে কওমী পন্থি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে পটিয়া পৌর সদরের আল জামেয়া আল ইসলামীয়া জমিরিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে। এটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া কলেজ গেইট চত্বওে গিয়ে শেষ হয়। উপজেলার শান্তিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আল জামেয়া আরাবিয়াতুল জিরি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী। এতে স্থানীয় এলাকার বাসিন্দারাও যোগ দেন। বিক্ষোভ মিছিল শেষে শান্তিরহাট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জিরি মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা খোবাইব, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা মফিজ উল্লাহ, মাওলানা তৌহিদুর রহমান, মাওলানা আবদুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে সমাবেশ শুরুর আগে জিরি এলাকা থেকে শত শত মানুষ শান্তিরহাট মোড়ে জড়ো হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।



