রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলায় রনির বিরুদ্ধে অনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। রোববার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ মামলায় রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ এপ্রিল দিন ঠিক করে দেন। ওই দিন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে রনির বিচার শুরু হবে। বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। গুলিতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে। ২০১৫ সালের ২১ জুলাই এমপিপুত্র বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।




