সকাল থেকেই মেঘলা আকাশ। থেকে থেকে মেঘেদের গর্জন। এরই মাঝে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। বুধবার সকালে নগরীর বুকে এভাবেই নেমে আসে হঠাৎ বৃষ্টি। এ মৌসুমে এভাবে মুষলধারে বৃষ্টি এটাই প্রথম। প্রায় আধাঘণ্টা ব্যাপী এ বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি, শীতল ঝড়ো বাতাসে শান্ত হয়েছে নগর জীবন। তবে হঠাৎ করে আসা এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীসহ অফিসগামী মানুষ। সঙ্গে ছাতা না থাকায় কাকভেজা হয়ে যান অনেকে। বৃষ্টির অজুহাতে রিকশাচালকরাও হাকিয়ে নেন বাড়তি ভাড়া। এছাড়া অল্প বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলোর বিভিন্ন জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এক বলেন, হঠাৎ করে এ ধরনের বৃষ্টি হলো। সঙ্গে ছাতা না থাকায় তাই বিপদে পড়েছি। বৃষ্টির পানি মাথায় নিয়েই অফিসে যেতে হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ জানান, মৌসুমি বায়ুর উর্দ্ধগামী হওয়ার কারণে হালকা বৃষ্টি হয়েছে। তবে এ ধরনের বৃষ্টি পরিমাপযোগ্য নয়। মৌসুমে শুরুতে এ ধরনের বৃষ্টি এটাই প্রথম। রাতের দিকে আবারও কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




