নগরীর পূর্ব মাদারবাড়িতে মা-ছেলে হত্যার পাঁচবছর পর ঘটনার মূল আসামি মো. রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার রাতে কর্ণফুলী থানার এস আলম সুপার মিলের পেছনের বস্তি থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, ২০১১ সালের ২ ডিসেম্বর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকার সিআরবি বস্তিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ছেলেকে কুপিয়ে খুন করে কিছু মাদক ব্যবসায়ী। ঘটনার মূল আসামি মাদক ব্যবসায়ী রুবেল এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও পাঁচবছর পর এসে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক জানান, ডবলমুরিং থানা প্রথমে জোড়া খুনের ঘটনা তদন্তের দায়িত্ব পায়। কিন্তু মূল আসামির কোন হদিস না পেয়ে তার নাম ছাড়াই আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মূল আসামির নাম না থাকায় আদালত তা গ্রহণ না করে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন। সিআইডিও তদন্তে মূল আসামিকে খুঁজে পায়নি। তাই তারাও আসামির নাম ছাড়া অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগপত্র গ্রহণ না করে আদালত তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। সোমবার রাতে জোড়া খুনের মূল হোতা রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই’র সদস্যরা।




