মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তার তিন আইনজীবী। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট সাইফুর রহমান এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তাদের সাথে আছেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী। সাঈদীপুত্র মাসুদ সাঈদী গণমাধ্যমকে জানিয়েছেন- তারা সাঈদীর সঙ্গে দেখা করে রিভিউ প্রসঙ্গে দিকনির্দেশনা নেবেন। তিনি বলেন, আজ আইনজীবীরা কারাগারে বাবার সঙ্গে দেখা করতে যাবেন। কীভাবে আমৃত্যু কারাদণ্ডের রায় থেকে খালাস পাওয়া যাবে সে বিষয়ে রিভিউ আবেদন করবেন। কোন কোন পয়েন্টে বা যুক্তিতে রিভিউ করা যাবে সে বিষয়গুলো নিয়েই মূলত বাবার সঙ্গে আইনজীবীরা দেখা করবেন। তবে সাঈদীর সঙ্গে দেখা করে আজই রিভিউ আবেদন করা হবে কি না সে বিষয়টি স্পষ্ট করে বলেননি মাসুদ সাঈদী।মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ (ফাঁসি) সাজা চেয়ে রিভিউ করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষ সাঈদীর মামলায় সাজা বৃদ্ধি চেয়ে রিভিউ আবেদন করে। মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির সাজা দিয়ে রায় ঘোষণা করে। সে রায়ের বিরুদ্ধে সাঈদী ও রাষ্ট্রপক্ষ উভয়ই পাল্টাপাল্টি আপিল করে। আপিলে সাঈদী খালাস চাইলেও রাষ্ট্রপক্ষ চায় ফাঁসি। আপিল বিভাগ ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাঈদী কারাগারে থাকবেন। আদালত সাঈদীর এ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে দীর্ঘ ১৫ মাস পর। রায় প্রকাশের পর এ মামলার পক্ষসমূহের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।



