রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশের ৩২টি সেতুর টোল কমছে রোববার থেকে

দেশের ৩২টি সেতুর টোল কমছে রোববার থেকে

দেশের ৩২টি সেতুর টোল কমছে রোববার থেকে। এছাড়া, ২১ সেতুতে রিকশা, ভ্যান ও সাইকেল টোল ছাড়াই চলাচল করতে পারবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর নতুন টোল নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার।  সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) নিয়ন্ত্রণাধীন দেশের ৫৪টি সেতুতে গত বছরের ১১ জানুয়ারি টোল বৃদ্ধি করা হয়। নতুন পদ্ধতিতে দৈর্ঘ্যরে ভিত্তিতে চারটি শ্রেণিতে টোল নির্ধারণ করা হয়। এতে অনেক সেতুতে প্রায় ১০ গুণ পর্যন্ত টোল বৃদ্ধি পায়। ১১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে নতুন টোল কার্যকর করা হয়।

রাজধানীর পোস্তগোলা (চীন মৈত্রী সেতু) সেতুসহ বিভিন্ন স্থানে টোল বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকরা রাস্তায় নামেন। এতে পোস্তগোলায় নতুন টোল কার্যকর করা যায়নি। তবে পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করে আসছিলেন, উচ্চ টোলের কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ বিবেচনায় টোল কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন টোল হার অনুযায়ী ৩২ সেতুতে ট্রাক-কাভার্ড ভ্যানের টোল কমেছে। তবে মেঘনা-গোমতী সেতুতে সব ধরনের যানবাহনের  টোল বাড়ানো হয়েছে। পোস্তগোলার সেতুর টোল মওকুফ করা না হলেও কিছুটা কমানো হয়েছে। বরিশালের দপদপিয়া, খুলনার খানজাহান আলী (রূপসা) ও পাবনার লালন শাহ (পাকশী)  সেতুতে ভারী, মাঝারি ও মিনি ট্রাকে ৩০, ২০ ও ৩০ টাকা  টোল কমানো হয়েছে। মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও ফরিদপুরের গড়াই সেতুতে ট্রাকের টোল হার ১৫ টাকা কমানো হয়েছে। অন্য সেতুতেও একই হারে টোল কমেছে।

আরও পড়ুন

সর্বশেষ