এত পচা মিষ্টি, কবে বানিয়েছিল জানে না কারিগরও। দুর্গন্ধ ছড়াচ্ছে। মিষ্টির ওপর ছত্রাক পড়েছে। মরা তেলাপোকা, মাছি, পোকামাকড় ভাসছে। যেখানে মিষ্টি তৈরি হচ্ছে, যেখানে বড় বড় পাত্রে রাখা হচ্ছে সেখানের পরিবেশ এত নোংরা ভাষায় প্রকাশ করা কঠিন। নগরীর নন্দনকাননে ‘ঐতিহ্যবাহী’ বোস ব্রাদার্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। সোমবার বিকেলে নোংরা পরিবেশ, পচা মিষ্টি মজুদ ও বিক্রির জন্য রাখা মিষ্টির ওপর পোকামাকড়, ছত্রাক পাওয়ায় বোস ব্রাদার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে সকালে রয়েল বাংলা সুইটস ও ইকবাল সুইটসকে নোংরা পরিবেশ এবং মিষ্টান্নের ওপর মরা পোকামাকড়, মাছি ও তেলাপোকা পাওয়ায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া মিষ্টিগুলো জব্দ করে নালায় ফেলে দেওয়া হয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বোম্বেওয়ালার দোকান হিসেবে একনামে পরিচিত এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস। হালিম, হালুয়া, জিলাপি আর মিষ্টান্নের জন্য ব্যাপক পরিচিতি এ প্রতিষ্ঠানের। কিন্তু শেষপর্যন্ত মিষ্টির ওপর মরা মাছি, তেলাপোকা দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সমপরিমাণ জরিমানা করা হয়েছে দিদার মার্কেট এলাকার আরেক অভিজাত মিষ্টির দোকান ইকবাল সুইটমিটকেও।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, রয়েল বাংলা সুইটস ও ইকবাল সুইটসকে নোংরা পরিবেশ এবং মিষ্টান্নের ওপর মরা পোকা-মাকড়, মাছি ও তেলাপোকা পাওয়ায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া মিষ্টিগুলো জব্দ করে নালায় ফেলে দেওয়া হয়েছে।




