দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের একটি বেসরকারি ব্যাংকের শাখার পিকনিকের জন্য বাজেট ধরা হয়েছে অর্ধকোটি টাকা। ফার্মার্স ব্যাংকের ওই শাখার ম্যানেজার শওকত হোসেন প্রধান কার্যালয়ের অনুমোদন-অনুদান ছাড়াই এ টাকা সংগ্রহ করেছেন ব্যাংকটির গ্রাহক ও কর্মীদের কাছ থেকে। তবে ওই শাখার অনেক গ্রাহক বিশেষ করে খাতুনগঞ্জের কিছু বড় ব্যবসায়ী পিকনিকের দাওয়াত পেলেও বেশিরভাগই বঞ্চিত হওয়ায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করলে শওকত হোসেন বলেন, শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফটিকছড়িতে আমরা ছোটখাটো পিকনিক করছি। আমরা কোনো গ্রাহককে দাওয়াত করিনি। তবে মঙ্গলবার একাধিক গ্রাহক ফার্মার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখার পিকনিকের জন্য চাঁদা দেওয়ার বিষয়টি জানিয়েছেন।
তারা বলেন, আমরাও ব্যবসা করি, ব্যাংকও ব্যবসা করে। খাতুনগঞ্জে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত প্রায় সব তফসিলি, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা রয়েছে। এখানে যদি এভাবে প্রতিটি শাখা পিকনিক করতে শুরু করে তবে আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলবে।




