আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের (চট্টগ্রাম-৪) সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আবুল কাশেম মাস্টার আর নেই (ইন্নাইলাহি…রাজিউন)। মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুল কাশেম মাস্টারের দু’টি কিডনিই অকেজো হয়ে গিয়েছিল। নিয়মিত ডায়ালাইসিসের জন্য দীর্ঘদিন ধরে ঢাকায় ছিলেন তিনি। সিঙ্গাপুরে গিয়েও একাধিকবার তার কিডনির চিকিৎসা করা হয়েছে। সর্বশেষ অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। এবিএম আবুল কাশেম মাস্টার ১৯৯৬ ও ২০০৯ সালে দুইবার সীতাকুণ্ড থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে নির্বাচিত হওয়ার পর তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তার বদলে আওয়ামী লীগে নবাগত দিদারুল আলমকে মনোয়ন দেওয়া হয়। ত্যাগী নেতা হিসেবে পরিচিত আবুল কাশেম মাস্টার সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে আবুল কাশেম মাস্টর স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে এস এম আল মামুন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের দায়িত্বশীল নেতা। সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আবুল কাশেম মাস্টারের মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে বলে জানিয়ে এম এ সালাম বলেন, চট্টগ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।



