মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশে ফাঁসির দণ্ড পাওয়া আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, একজন আইনজীবী হিসেবে তাঁর দায়িত্ব আসামিকে আদালতে নিরপরাধ হিসেবে প্রমাণ করা। তিনি সেই লড়াই লড়েছেন এবং হেরে গেছেন। বুধবার মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন দেশের সর্বোচ্চ আদালতে খারিজ হওয়ার পর সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন। এর ফলে মামলার চূড়ান্ত আদেশেও মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল থাকল। এখন মুজাহিদ ও সাকা চৌধুরীর সামনে আর একটি সুযোগ আছে, তা হলো—রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। এরপর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে। খন্দকার মাহবুব বলেন, ‘একজন আইনজীবী অপরাধকে সমর্থন করেন না। আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা সঠিক মনে করেই দিয়েছেন। এ বিষয়ে আমাদের কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া নেই। আসামিরা প্রাণভিক্ষা চাইবেন কি না—জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, এটা সম্পূর্ণ আসামিদের ইচ্ছার ওপর নির্ভর করছে। এ ছাড়া সরকার ইচ্ছা করলে আসামির দণ্ডাদেশ কমাতে বা মওকুফ করতে পারে।



