মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। রিভিউ শেষে সর্বোচ্চ আদালত তার ফাঁসির রায় বহাল রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুনানি শেষে বুধবার আদেশের দিন ধার্য করেন আদালত।
এদিন সকাল ৯টা ১০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত আসামিপক্ষে শুনানি শেষ করেন মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার বক্তব্যের জবাবে ফের সমাপনী শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আদালত মুজাহিদের বিরুদ্ধে রায় বহাল রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে বুদ্ধিজীবীদের ওপর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর নির্যাতনের সঙ্গে মুজাহিদের সম্পৃক্ততা ছিল। বুদ্ধিজীবী হত্যায় তখনকার আলবদর বাহিনী বা বর্তমান জামায়াত-শিবিরের অবস্থান একই। তারা এখনও বুদ্ধিজীবীদের ওপর হামলা চালাচ্ছে।




