নাশকতার মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এসএম শামিম হোসেন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ সম্পর্কিত চিঠি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।
এতে বলা হয়, নাশকতার অভিযোগে ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শামিম চৌধুরীর বিরুদ্ধে একটি ও ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারকাজ শুরু করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উপজেলা চেয়ারম্যান এসএম শামিম চৌধুরী জানান, তিনি বরখাস্তের চিঠি পেয়েছেন। এ ব্যাপারে উচ্চ আদালতে যাবেন। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়।




