রাজধানীর সায়েদাবাদ এলাকায় এক ট্রাফিক পুলিশ, তার স্ত্রী ও এক কলেজ ছাত্র ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। এ সময়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতরা হলেন- ট্রাফিক পুলিশ কনস্টেবল মোবারক হোসেন (৩২), তার স্ত্রী সুমি আক্তার (২৫) ও ঢাকা কলেজের অনার্সের ছাত্র রাশেদ (২১)। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে সায়েদাবাদ ব্রিজের কাছে রাস্তায় এ ঘটনা ঘটে। আহত তিন জনকেই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে মোবারক হোসেন ও তার স্ত্রীকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
আহত মোবারক হোসেন জানান, সায়েদাবাদ ব্রিজের কাছে ইসলামী ব্যাংকের সামনে রাস্তায় পৌঁছলে ১০-১২ জনের একটি ছিনতাইকারী দল তাদের ঘিরে ধরে। একজন তার পায়ে ছুরিকাঘাত করে এবং অন্যজন তার স্ত্রীর কানের দুল ছিঁড়ে নেয়। এ সময় তারা তার কাছে থাকা ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে যায়। একই সময়ে ঢাকা কলেজের ছাত্র রাশেদকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ এবং মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
পশ্চিম ট্রাফিক জোনের এই পুলিশ কনস্টেবল আরও জানান, এ সময় আরও বেশ কয়েকজন ছিনতাইকারীদের কবলে পড়ে। সড়ক দিয়ে যেই যাচ্ছিলেন তাকেই ছিনতাই করছিলো দলটি। যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশ অ্যাকশনে যায়। কিন্তু তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।




