বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয় ব্লগার নিলয় খুন

ব্লগার নিলয় খুন

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসায় ঢুকে ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নিলয় নীলকে (৪০) খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ওই এলাকার ১৬৭ নম্বর বাসার ৫ম তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুরে। তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। মহানগর পুলিশের খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিলয়ের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।

তিনি বলেন, আমরা আশপাশের লোকজনের কাছে শুনেছি দুপুর সোয়া ১টার দিকে ভাড়াটিয়া সেজে এক যুবক ওই বাসায় ঢোকেন। পরে তার পিছে পিছে ঢোকেন আরও তিনজন। তারাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। স্থানীয় ও পরিচিত লোকজন বলছেন, নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন। তবে আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই। নিলয় নীল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।  তিনি বলেন, নিলয়ের ব্লগ ও ফেসবুক খতিয়ে দেখা হচ্ছে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তিনি গণজাগরণ মঞ্চের একনিষ্ঠ কর্মী ছিলেন। এছাড়া তিনি নারী ও আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত ছিলেন। গত মে মাসে ব্লগার অনন্ত হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে তাকে অনুসরণ করে দু’জন। সেসময় তিনি থানায় জিডি করতে চাইলে পুলিশ জিডি না নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একথা নিলয় ১৫ মে নিজের ফেসবুক পোস্টেও লিখেছিলেন।

ইমরান আরও বলেন, ঘটনার সময় নিলয়ের বন্ধু মনি বাসায় উপস্থিত ছিলেন। বাসা ভাড়ার কথা বলে চার যুবক বাসায় ঢোকার চেস্টা করে। এসময় মনি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে কয়েক মিনিটের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যায়। এসময় নিলয় ল্যাপটপে বসে কাজ করছিলেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় জঙ্গিদের হাতে নিহত হন ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়। এসময় তার স্ত্রীও আহত হন। এ ঘটনার মাসখানেক পর ৩০ মার্চ তেজগাঁওয়ে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। এরপর ১২ মে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার  অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্ব‍ৃত্তরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ