লাইসেন্সবিহীন ব্লাডব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া অবৈধ ব্লাড ব্যাংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এ তথ্য জানান। তথ্য কর্মকর্তা জানান, সচিবালয়ে নিরাপদ রক্ত পরিসঞ্চালন কার্যক্রম সংক্রান্ত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ নির্দেশ দেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত পরিসঞ্চালন প্রয়োজন। কিন্তু অনুমতি না নিয়ে,মান বজায় না রেখে রক্ত পরিসঞ্চালন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। লাইসেন্স ছাড়া এ জাতীয় কার্যক্রম মেনে নেয়া যায় না। মন্ত্রী বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া রক্ত নিয়ে ব্যবসা করছে এবং রক্ত পরিসঞ্চালনের কার্যক্রমে কোনো মান বজায় রাখছে না। দ্রুততম সময়ের মধ্যে এ জাতীয় প্রতিষ্ঠান বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ সময় মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৯৫টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ সরকারি পর্যায়ে ২১৯টি হাসপাতালে সার্বক্ষণিকভাবে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত সরকার নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করেছে।
জনগণকে এ সব কেন্দ্রে গিয়ে রক্ত পরিসঞ্চালনে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন মন্ত্রী। পাশাপাশি এ ধরনের কেন্দ্র সারাদেশের সকল সরকারি হাসপাতালে সম্প্রসারণের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। নিরাপদ রক্ত পরিসঞ্চালন কার্যক্রমের সার্বিক বিষয়ে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করে পেশাদার রক্তদাতার ওপর নির্ভরতা শূণ্যের কোঠায় নামিয়ে আনার পরামর্শ দেন মোহাম্মদ নাসিম। এছাড়া নিরাপদ রক্ত পরিসঞ্চালনের কাজে জড়িত মানসম্মত বেসরকারি সংস্থাগুলোকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি। সভায় ব্লাড ব্যাংকের লাইসেন্স ফি কমানোসহ রেফারেন্স ল্যাবরেটরি ও ন্যাশনাল ব্লাড সেন্টার স্থাপন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. এ বি এম হারুনসহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজধানীর বিভিন্ন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের বিভাগীয় প্রধানগণ, র্যাব প্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সন্ধানীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগরা।




