পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। নগরীর আগ্রাবাদে চেম্বার কার্যালয়ের সামনে শনিবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি চাল ২০ টাকা, চিনি ৩০ টাকা এবং ভোজ্য তেল প্রতি বোতল (২ লিটার) ১৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি চিনি, ৫ কেজি চাল এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারবে। রমজান মাস জুড়েই চলবে এ বিক্রয় কার্যক্রম। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা এসব পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
খলিলুর রহমান বলেন, সিএমসিসিআই শুধু ব্যবসায়ীদের সুযোগ সুবিধার কথাই চিন্তা করে না, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই রমজান মাসে ভর্তুকি মূল্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের কার্যক্রম দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সহসভাপতি মাহবুব চৌধুরী এ ধরনের মহতী কার্যক্রমে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি আলী হোসেন আকবর আলী, পরিচালক আমিনুজ্জামান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।




