পাঁচ জানুয়ারি নগরীর নাসিমন ভবনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গ্রেপ্তার হওয়া দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক জামিনে মুক্তি পেয়েছেন। ওইদিন একই সঙ্গে প্রায় তিন’শ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উচ্চ আদালতের জামিন আদেশ আসার পর সোমবার বিকেলে এনামুল হককে মুক্তি দেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন বলেন, কোতয়ালি থানার নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় এনামুল হকের জামিন আদেশ দুপুরে কারাগারে এসে পৌঁছে। এরপর নগর ও জেলা পুলিশের বিভিন্ন শাখায় খবর নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে আর কোন মামলা নেই। বিকেল ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে তিনি জানান।
গত ২৮ মে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ রহুল কুদ্দুস ও বিচারপতি আমির হোসাইনের দ্বৈত বেঞ্চে এনামুলকে জামিন দেন। চলতি বছরের পাঁচ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে নাসিমন ভবনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিক্ষোভে আসার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবির। এরপর পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে পন্ড হয়ে যায় সমাবেশ। এসময় পুলিশ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও এনামুল হকসহ প্রায় তিন’শ নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনসহ ৫০০ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। সাম্প্রতিক সময়ে এতজনকে একসঙ্গে গ্রেপ্তারের নজির নগর পুলিশে নেই। ওই মামলায় গ্রেপ্তার হওয়া ৪৫ কর্মী গত ২৭ মে জামিনে মুক্তি পান। একটি মামলায় ৪৫ জনের একসঙ্গে জামিন পাবার নজিরও সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে নেই।




