ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভবন থেকে লাফিয়ে পড়ে হত্যা মামলার আসামি একেএম নাহিদ বক্স (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তিনি অপর এক আসামির গায়ের ওপর পড়লে তিনিও আহত হন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত একেএম নাহিদ বক্স (৩৫) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামের মৃত মো. মনোয়ার বক্সের ছেলে। অপর আসামি হলেন- সেকেন্দার আলী (৫০) তিনি রাজধানীর মগবাজার আমবাগান এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাহিদ একটি হত্যা মামলার আসামি। সোমবার তার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ছিল। কিন্তু তার আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে ব্যস্ত থাকায় জেরা করতে পারেননি। এ অবস্থায় তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সাক্ষ্যগ্রহণ শেষে নাহিদ ক্ষুব্ধ হয়ে দৌড়ে গিয়ে তৃতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পড়েন। এ সময় তিনি নিচে দাঁড়ানো অপর এক আসামির গায়ের ওপর পড়লে তিনিও আহত হন।
আহত সেকেন্দার আলী বলেন, আমি একটি মামলার হাজিরা দিতে আদালতে আসি। এসে আমি আদালতের সামনের ভবনের নিচে দাঁড়িয়ে ছিলাম। এ সময় এক ব্যক্তি আদালত ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে লাফ দিলে আমার গায়ের ওপর পড়েন। এ সময় আমি এবং ওই ব্যক্তি দু’জনেই আহত হই। সেকেন্দার আলী নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এদিকে নাহিদকে উদ্ধার করে পুরান ঢাকার ন্যাশনাল হানসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আহত নাহিদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।




