লোকসভায় সর্বসম্মতিক্রমে বহুল প্রত্যাশিত সীমান্ত বিল পাস হওয়ার খবরটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। বৃহস্পতিবার বিলটি পাসের পর সন্ধ্যা ৭টার দিকে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এসময় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন দুই শীর্ষ নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।টেলিফোনে মোদি শেখ হাসিনাকে বলেন, ১৯৭৪ সালের মে মাসেই স্থল সীমান্ত চুক্তি করেছিলেন আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।আজ আমরা মে মাসেই বিলটি রাজ্যসভা ও লোকসভায় পাস করালাম।জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে স্থল সীমান্ত চুক্তি বিল ভারতের রাজ্যসভা ও লোকসভায় পাস করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, ভবিষ্যতেও এ বন্ধুত্ব অটুট থাকবে।বিলটি পাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে সেদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজ্য ও লোকসভার সব সদস্য ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর এক টুইটে বিষয়টি উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।টুইট বার্তায় মোদি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এই স্মরণীয় মুহূর্তে আমি তার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।মঙ্গলবার ভারতের মন্ত্রিসভায় অনুমোদনের পর বুধবার রাজ্যসভায় বিলটি পাস হয়। আজ ভারতের লোকসভায় এটি পেশ করা হলে ৩১৮-০ ভোটে বিলটি পাস হয়।



