শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমানুষের সেবা করার কারণে গণজোয়ার সৃষ্টি হয়েছে

মানুষের সেবা করার কারণে গণজোয়ার সৃষ্টি হয়েছে

নগর পিতার দায়িত্ব পালনকালে মানুষের সেবা করার কারণে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম।  তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করলে গণ জোয়ার সৃষ্টি হয়। দায়িত্ব পেয়ে আমি কাজ করেছিলাম। গণসংযোগে মানুষের জোয়ার সেটাই প্রমাণ করছে।মানুষ আমার কাজের স্বীকৃতি দিচ্ছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ গণজোয়ার অব্যাহত থাকবে উল্লেখ করে মনজুর আলম বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ নগরবাসী আমাকে আবারো মেয়র নির্বাচিত করবে। বৃহস্পতিবার সকালে নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের আঁতুরার ডিপো এলাকায় গণসংযোগে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল ১০টা ৪০ মিনিটে আঁতুরার ডিপো জাঙ্গালপাড়া জামে মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মনজুর আলম। এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) সভাপতি কর্নেল(অব) অলি আহমেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সেখান থেকে পূর্বদিকে জাহানপাড়া সড়কে পায়ে হেটে ভোটারদের ঘরে ঘরে গিয়ে কমলালেবু মার্কায় ভোট প্রার্থনা করেন মনজুর। তার কয়েক’শ গজ সামনে গিয়ে পিকআপ ভ্যানে চড়েন মনজুর আলম। এসময় কর্নেল অলি আহমেদ বলেন, নগর পিতা হওয়ার জন্য যেসব গুণ থাকতে হয় তা মেয়র প্রার্থী মনজুর আলমের মধ্যেই আছে। তিনিই একমাত্র যোগ্য প্রার্থী। নির্বাচনে হারজিত আছে উল্লেখ করে কর্নেল অলি আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়াউর রহমান এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই গুরুত্বপূর্ণ এই সিটির নগর পিতা কেমন হওয়া উচিত তা আমাদের ভাবতে হবে। তিনি বলেন, সবাই চায় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্টিত হোক। সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, নির্বাচন কমিশন যেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভূমিকা পালন না করে। ভোটের দিন সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সেনা বাহিনীকে টহলে রাখার দাবি জানিয়ে তিনি সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ভোট কেন্দ্রে গিয়ে মনজুর আলমকে জয়ী করার আহ্বান জানান। আঁতুরার ডিপো থেকে জাহানপাড়া সড়ক হয়ে হাজিপাড়া ও ওয়াজেদিয়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান মনজুর আলমন।

আরও পড়ুন

সর্বশেষ