নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগে, পথসভায় অবিরাম ভোট চেয়ে চলেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় গণসংযোগে গেছেন আ জ ম নাছির উদ্দিন। তিনি আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী। একই সময়ে নগরীর পাঁচলাইশ এলাকায় গণসংযোগ করছেন এম মনজুর আলম। তিনি বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী। আ জ ম নাছিরের মিডিয়া টিমের সদস্য মুহাম্মদ মিজান জানিয়েছেন, গণসংযোগ শেষে নাছির বিকেলে চৌদ্দগ্রাম সমিতি এবং ডক বন্দর শ্রমিক লীগের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকেল ৪টায় মুসলিম ইনস্টিটিউট হলে চৌদ্দগ্রাম সমিতির সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় বন্দর রিপাবলিক ক্লাবে ডক শ্রমিকদের সঙ্গে বসবেন আ জ ম নাছির। অন্যদিকে বৃহস্পতিবার এম মনজুর আলমের ইশতেহার ঘোষণার কর্মসূচী আছে। বিকেল ৩টায় নগরীর রীমা কমিউনিটি সেন্টারে কমলালেবু প্রতীকের পক্ষে ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা শেষে এম মনজুর আলম নগরীর মাদারবাড়িতে গণসংযোগে অংশ নেবেন। তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




