রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনগ্রিন মেগাসিটি ও ডিজিটাল চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয় করেছেন আ জ ম...

গ্রিন মেগাসিটি ও ডিজিটাল চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয় করেছেন আ জ ম নাছির

গ্রিন মেগাসিটি ও ডিজিটাল চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসীর প্রতি নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন নাছির। ‘স্বপ্নের মেগাসিটি গড়তে চাই, জলাবদ্ধতামুক্ত জনবান্ধব চট্টগ্রাম’ শিরোনামে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়। এর আগে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন নাছির।  অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।  এরপরই নির্বাচনী ইশতেহার পাঠ করেন নাছির।

ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতিসহ জলাবদ্ধতা নিরসনে ছয় দফা কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন আ জ ম নাছির।  ছয় দফা কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে খাল ও নালাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, আবর্জনা পরিষ্কারে বোর্ড গঠন, নতুন খাল খনন, কর্ণফুলীর মুখে সুইস গেইট নির্মাণ, কর্ণফুলীর মাঝে জেগে ওঠা চর খনন করা ও ১৯৯৫ সালে সিডিএ প্রণীত মাস্টার প্ল্যান বাস্তবায়ন। মেয়র নির্বাচিত হলে ‘কর্ণফুলী বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি চালু করারও ঘোষণা দেন নাছির। এছাড়া ইশতেহারে পাহাড় রক্ষা, বনায়ন, শিক্ষা –সাহিত্য উন্নয়ন সহ নগরবাসীর প্রতি ৩৬ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন মেয়র প্রার্থী নাছির।

আ জ ম নাছিরের নির্বাচনী ইশতেহার ঘোষণার এ অনুষ্ঠানে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন, সাংসদ সাইমুম সরওয়ার কমল, নিজামউদ্দিন হাজারী, নাট্যভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় সহ নাগরিক কমিটি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ