মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন মিন্টুর আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। রিট আবেদনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিন্টুর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আরজি জানানো হয়েছে। এতে বিবাদী করা হয়েছে সংশ্লিষ্ট পাঁচজনকে।
গত ২৯ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরদিন ২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে আপিল করেন মিন্টু। শনিবার (৪ এপ্রিল) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার।




