বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলে আসা রাজনৈতিক সহিংসতা সম্প্রতি কমে আসায় সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শনিবার তার মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে মুন এ সাধুবাদ জানান। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের (বিএনপির) অংশগ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। একইসঙ্গে এ নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রের দীর্ঘস্থায়ী উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূরীকরণে উভয় রাজনৈতিক পক্ষই একটি সুন্দর পথ খুঁজে বের করবে। এক্ষেত্রে জাতিসংঘ বরাবরের মতো বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান বান কি-মুন।



