রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল কার্যালয়টির ফটকের তালা খুলে দেয়ার পর আজ রোববার সকাল থেকে আবারও কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। পাশাপাশি একটি জলকামান ও একটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যালয়ের সামনে অবস্থান করলেও নয়াপল্টনে বিএনপির কয়েকজন কর্মচারী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন।তবে সকাল সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মী কার্যালয়টিতে আসতে দেখা যায়নি।বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্র ও যুবদলের কয়েকজন নেতা জানান, ভোর থেকেই আবারও বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়টির সামনে ও আশপাশে অবস্থান নেয়ায় নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক থাকায় কেউ কার্যালয়টিতে যেতে পারছে না।



