শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিরোববার আদালতে যাচ্ছেন খালেদা!

রোববার আদালতে যাচ্ছেন খালেদা!

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার আদালতে যাচ্ছেন। শনিবার তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খালেদা জিয়ার সঙ্গে কার্যালয়ে অবস্থানরত স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান, খালেদার উপদেষ্টা ও আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সঙ্গে আলাপে অবশ্য জানা গেছে, রোববার সকালের পরিস্থিতির ওপর নির্ভর করে ‍যাওয়ার সিদ্ধান্তটি বাতিলের আশঙ্কাও থাকছে। এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তটি শনিবার রাতে জানা যাবে বলেও জানিয়েছেন তারা। রোববার সকালে নিরাপত্তার বিষয়টি সন্তোষজনক পাওয়া গেলে খালেদা আদালতে যাবেন। পরিস্থিতি পছন্দ হলে, নিজেকে ও সঙ্গীদের নিরাপদ দেখলে এবার আর মত ঘোরাবেন না তিনি। তবে পরিস্থিতি পছন্দ না হলে সিদ্ধান্ত পরিবর্তন করবেন ‘আপোষহীন’ খ্যাত এ রাজনীতিক।

অন্যান্য দায়িত্বশীল সূত্রগুলোর বক্তব্যেও একই আভাস পাওয়া যাচ্ছে। তারা জানাচ্ছেন, আদালতে যাওয়ার জন্য এর আগের তারিখগুলোর চেয়ে এবার খালেদা অনেক বেশি আন্তরিক। তিনি আদালতে যেতে চাচ্ছেন। পরিস্থিতি সুবিধাজনক ও নিরাপদ পেলে এবার তিনি কার্যালয় থেকে বের হবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে রোববার। খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়েও শুনানি হবে এদিন।

গত ৪ মার্চ শুনানি শেষে দুই দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখেন আদালত। অন্য দু’জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি। তারা হচ্ছেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। দীর্ঘদিন ধরে শুনানিতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ