ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ড্যান্ডি ডায়িং খেলাপি ঋণের মামলায় বিবাদীভূক্ত হলেন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে বিবাদী করা হয়েছে কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে। সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের এ মামলাটির আসামি ছিলেন কোকো। তিনি মারা যাওয়ায় গত ৮ মার্চ খালেদাসহ অন্যদের বিবাদীভূক্ত করার আবেদন জানিয়েছিলেন সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন।
বাদীপক্ষের এ আবেদন মঞ্জুর করে সোমবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপি মামলাটিতে কোকোর স্থলে ওই চারজনকে বিবাদীভূক্ত করেন। একইসঙ্গে আগামী ১২ এপ্রিল হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু (বিচার্য বিষয়) গঠনেরও দিন ধার্য করা হয়েছে। আদালত শেষবারের মতো আসামিপক্ষকে এ সময় দিয়ে বলেছেন, হাইকোর্টের আদেশ দাখিল করা না হলে ওইদিন ইস্যু গঠন করা হবে। সোনালী ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট হোসনে আরা বেগম ও বিবাদীপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ শুনানিতে অংশ নেন।
ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন আবেদনে বলেন, আরাফাত রহমান কোকো এ মামলার বিবাদী। তিনি মারা যাওয়ায় খেলাপি ঋণ দেওয়ানি কর্মবিধি আইনের ২২নং আদেশের নিয়ম ৪ অনুসারে তার সম্পদের ওয়ারিশরা বিবাদীভূক্ত হবেন। তাই তার ওয়ারিশ হিসেবে খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদীভূক্ত করার আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করেছেন। এদিকে কোনো ছেলে না থাকায় বড় ভাই তারেক রহমানও কোকোর সম্পদের ওয়ারিশ। তবে তারেক রহমান এ মামলায় আগে থেকেই বিবাদী হওয়ায় তাকে নতুন করে বিবাদীভূক্ত করার আবেদন জানানো হয়নি।




