ঢাকা-ময়মনসিংহ রেলরুটের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেন ট্রাককে ধাক্কা দিলে ৩ ট্রেন যাত্রী নিহত ও ট্রাকের ৮ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন শ্রীপুরের মাইজপাড়া রেলক্রসিং পার হওয়ার আগ মুহুর্তে একটি ট্রাক রেললাইনে উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কা লেগে ট্রাকটি ধুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকে থাকা ৮ যাত্রী আহত হন। এছাড়া ট্রেনের ছাদের ওপর থেকে ছিটকে পড়ে ৩ যাত্রী মারা যান। নিহতরা হলেন – শিখর মিয়া (২২), জাহাঙ্গীর আলম (৩০) ও নিহত এক জনের নাম জানা যায়নি।
শিখরের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে। তার বাবার নাম পিতার নাম কলিম মুন্সি। জাহাঙ্গীরের বাড়ি শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।




