শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান

বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান

বিশ্বকাপ মঞ্চে প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। ডানেডিনে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্কটল্যান্ডকে এক উইকেটে হারিয়েছে তারা। পুল এ’ এর ম্যাচটিতে দু‘দলের বোলাররাই রাজত্ব করেছেন। তবে, সামিউল্লাহ সেনওয়ারির ৯৬ রানের ঝলমলে ইনিংসে ভর করে শেষ হাসি হাসলো আফগানরা। বৃহস্পতিবার  বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। শাপুর জাদরানের  বোলিং তোপে স্কটিশরা ২১০ রানেই অলআউট হয়ে যায়। ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই লক্ষ্যেই পৌঁছে যায় আফগানরা।

২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন দুই আফগান ওপেনার নওরোজ মঙ্গল ও জাভেদ আহমেদি। আট ওভারেই দু’জন যোগ করেন ৪২ রান। তবে, দলীয় ৪২ রানর মাথায় নওরোজ মঙ্গলকে বোল্ড করে স্কটিশদের  প্রথম ব্রেক-থ্রো এনে দেন ইভান্স। দলীয় ৪৬ রানের মাথায় আসগর স্তানিকজায়ের উইকেট হারালেও আফগানদের এগিয়ে নিচ্ছিলেন জাভেদ আহমাদি। ৫১ বলে ৫১ রান করে বেরিংটনের বলে তার আউট হওয়ার পরই ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। একপর্যায়ে ৯৭ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে এশিয়ার দলটি।

বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে নেমে ত্রাতা হিসেবে আবির্ভূত হন সেনওয়ারি। এমনকি তার ব্যাটেই জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানরা। কিন্তু সেনওয়ারি ৯৬ রান করে দলীয় ১৯২ রানের মাথায় মজিদ হকের বলে আউট হয়ে গেলে ফের শঙ্কা বাড়ে আফগানদের। মজিদ হকের ৪৭তম ওভারে টানা তিনটি ছয় মেরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছিলেন এই সেনওয়ারিই।  সেনওয়ারির বিদায়ের পর শেষ উইকেটে শাপুর জাদরানের সাহসী ব্যাটিংয়ে জয় পায় আফগানিস্তান। ১২ রানে অপরাজিত ছিলেন শাপুর জাদরান।

টসে হেরে ব্যাট করতে নেমে আফগান পেসারদের তোপে পড়ে স্কটিশ ব্যাটসম্যানরা। এই ম্যাচেও ব্যর্থ হয় স্কটিশ টপঅর্ডার। ৪০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ড। তবে, ম্যাট মাচেনের ৩১ রান এবং শেষ দিকে বেরিংটনের ২৫ রানের কল্যাণে স্কটিশদের স্কোর ২০০ পেরোয়। শাপুর জাদরান ৩৮ রানে নেন চার উইকেট। অন্য দিকে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন দৌলত জাদরান। অনবদ্য বিজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরা হন সামিউল্লাহ সেনওয়ারি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ