মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশের তরুণ ও পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রদানের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন কোম্পানি ‘ইনোভেশন নেক্সট জেনারেশন’। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন কোম্পানিটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জন এ মেসার। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জন এ মেসার বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সহযোগিতা নিয়ে তার কোম্পানি ডিজিটাল অ্যাপ্লিকেশনগুলো প্রদান করতে চায়। বাংলাদেশে শিশু ও তরুণ প্রজন্মকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়ার কথাও বলেন তিনি।
জন মেসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের জ্বালানি খাতেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে আবারো বাংলাদেশ সফরে আসার কথা বলেন জন এ মেসার। জন মেসার একটি এর্নাজি কনসালটেন্সি ফার্মেরও প্রেসিডেন্ট।
তরুণ ও পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রদানের মার্কিন কোম্পানির আগ্রহ



