যশোর ও কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা নিজ নিজ এলাকার সন্ত্রাসী এবং দুজনের বিরুদ্ধেই হত্যাসহ একাধিক মামলা আছে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। শনিবার রাতে যশোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু ওরফে ভাইপো রাজু (৩৬) এবং কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালা স্বপন (৩৯) নিহত হন।র্যাবের যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর আশরাফ উদ্দিন জানান, শনিবার রাতে রাজুকে আটকের পর ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় র্যাব। ভোর ৫টার দিকে শহরতলীর মড়লিতে যশোর-খুলনা মহাড়কের পাশে ইমাম পেট্রোল পাম্পের বিপরীতে একটি ইটভাটার কাছে পৌঁছালে রাজুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় র্যাবও গুলি করে।র্যাবের এই কর্মকর্তার দাবি, উভয় পক্ষে গুলি বিনিময়কালে পালাতে গিয়ে নিজের সহযোগীদের গুলিতে রাজু নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।নিহত রাজু যশোর শহরের গাড়িখানা রোড এলাকার আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে যশোরের সাবেক পিপি এ জেড এম ফিরোজের ছেলে অর্নব হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।এদিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, শনিবার সকালে সদর কোর্টবাড়ি এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বেরোলে ভাটপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে স্বপনের সহযোগীরা। এসময় পুলিশও পাল্ট গুলি ছোঁড়ে। পরে স্বপনের গুলিব্ধি লাশ উদ্ধার করা হয়।নিহত স্বপন উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮ টি মামলার আসামি বলে জানান ওসি।স্বপনের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



