গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে আন্দোলন চলছে। একটি যৌক্তিক পরিণতিতে না পৌছা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন হামলা ও আটক নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে ব্যাপক অত্যাচারের মধ্যেও আন্দোলন চালিয়ে রাখার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, মুষ্টিমেয় স্থাবক ও সুবিধাভোগীদের ধারা বেষ্টিত সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে এখন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কতিপয় দলবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের হাতে কর্তৃত্ব দেওয়ার কারণে আজ দেশব্যাপী জুলুম অত্যাচার চলছে।




