কোকো’র জানাযায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান শামীম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো.শাহেদ, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জানাযায় অংশ নিয়েছেন।
জোহর নামাজের পর দুপুর ১টা ২৫ মিনিটে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে কোকো’র জানাযার কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর ১টা থেকেই নগরী জেলার বিভিন্ন এলাকা থেকে জানাযা মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেন। নামাজ শেষে ১টা ৩৫ মিনিটে মসজিদ থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সৈয়দ ওয়াহিদুল আলম, আবু সুফিয়ানসহ অন্যান্য নেতাদের নিয়ে মাঠে আসেন। জানাযায় আগত মুসল্লিদের উদ্দ্যেশ্যে আমীর খসরুর বক্তব্যের পর জানাযা নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন নগর ওলামা দলের সভাপতি শহিদুল্লাহ চিশতি।




