আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা এখনো শেষ হয়নি। শনিবার দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রকাশিত যে রায় আছে তার ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর বাহিনীর সংগঠক মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রেখে গত সোমবার রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে আইনমন্ত্রী বলেছিলেন, ‘কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় পাবেন।’ রোববার সে সময়সীমা শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, কারাবিধির ৯৯১ ধারাটি দেখেন, যখন আসামির মৃত্যুদণ্ড হয় তখন লেখা ছিল হাইকোর্ট এখন আপিল বিভাগ। সংবিধানে বলা আছে-তাকে এটা জানানোর সঙ্গে সঙ্গে ‘মার্সি’ চাওয়ার জন্য সাতদিন সময় দেয়া হয়। এখন এই সাত দিন তো শেষ হয়নি। আসামিকে অবহিতকরণ বিষয়ে কারাবিধি ৯৯১ ধারা সম্পর্কে আনিসুল হক বলেন, এই ধারাটি যদি পড়েন তাহলে দেখবেন অবহিতকরণের কথা বলা আছে। তার মানে আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে জানাতে হবে তা নেই। রোববারের পর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে কি না জানতে চাইলে মন্ত্রী জানেন না বলে জানান।




