স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে যদি কেউ অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তা করতে দেওয়া হবে না। তার জন্য যে কোনো মূল্যে দমনের ব্যবস্থা নেবো। মঙ্গলবার আরব আমিরাত সফর নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিজামীর রায় সম্ভবত আগামীকাল হতে যাচ্ছে। রায় কি হবে তা আদালত জানেন। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। তবে বাংলাদেশের জনগণ চায় এ ধরনের লোকের কঠিন শাস্তি হোক।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ রায়গুলো নতুন নয়। এর আগেও এ ধরনের রায় হয়েছে। যখন এ ধরনের রায় আসে তখন আইনশৃঙ্খলাবাহিনীর সব ধরনের প্রস্তুতি থাকে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতে বাংলাদেশের ১০ লাখ লোক ব্যবসা ও শ্রমবাজারের সঙ্গে যুক্ত রয়েছে। তার বেশির ভাগই দুবাই ও আবুধাবিতে। ওই দেশের আমন্ত্রণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশে সফরে যান। সফরকালে তারা আমাদের জানিয়েছে, বাংলাদেশের ১ হাজার ১৯ জন পাসপোর্টধারী কারাবন্দি। এর মধ্যে ১৯ জন মৃত্যুদণ্ড ও ২১ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। তাদের ফেরত আনার জন্য সে দেশের সরকার প্রস্তাব দিয়েছে। এ লক্ষ্যে তাদের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।



