আগামী এপ্রিল-মে মাস নাগাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শনের পর আব্দুল মোবারক এমন সম্ভাবনার কথা জানান।
মোবারক বলেন, আগামী বছরের জুন মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। ওই সময় রমজান মাস থাকবে। রোজার মধ্যে নির্বাচন কমিশন কোনো নির্বাচনের আয়োজন করে না। এক্ষেত্রে দায়িত্ব গ্রহণের ১৮০দিন আগে এপ্রিল-মে মাসের মধ্যে নির্বাচন হতে পারে।
চট্টগ্রাম নগরীতে ভোটার তালিকায় রোহিঙ্গা আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনার বলেন, অনেক যাচাইবাছাই করে তালিকা করা হচ্ছে। কক্সবাজারে ভোটার হতে দু’টি ফরম পূরণ করতে হয়। তিনি জানান, ২০১৫ সালের শুরুতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা হবে। বুধবার হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচীতে যোগদান শেষে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার চট্টগ্রামের সার্ভার স্টেশন পরিদর্শনে যান। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।




